নিজস্ব প্রতিবেদক :
ভবিষ্যতে এতিমদের মধ্য থেকে কেউ যাতে প্রধানমন্ত্রী হতে পারে, দেশে এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করার কথা জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী ঢাকা-১৫ সংসদীয় আসনের উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, একদিন দেশে এতিমদের কেউ হয়তো প্রধানমন্ত্রী হবে। জামায়াত সে ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে। এ সময় সবাইকে দলীয় রাজনৈতিক সংকীর্ণতা ও হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমরা দায়িত্বশীল বিরোধীদল হিসেবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ন্যায় এবং সত্যের পথে, সুবিচার কায়েমের পথে, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে, মানবিক সমাজ গঠনের পথে আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এই সহযোগিতা নেয়া আপনাদের দায়িত্ব। কিন্তু এর বিপরীত কিছু হলে, আমরা ১৮ কোটি মানুষের পক্ষে থাকব, আমরা কোনো আপস করব না।
জামায়াতে ইসলামীর আমির বলেন, শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। আমরা এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি। যদি কেউ জুলুমের শিকার হয় তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো।
তিনি বলেন, সরকারি ও বিরোধীদল মিলে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারি-সেই চেষ্টা অব্যাহত থাকবে।
ডা. শফিকুর রহমান বলেন, এতিমদের থেকে আমরা মনিমুক্তা বের করে আনতে চাই। তাদেরকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা রাখবো সরকার সেই কাজটাই করবে।
সম্প্রতি ‘এখন টিভি’র চার সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, এটা সাংবাদিকদের স্বাধীনতার উপর নির্লজ্জ আঘাত। আমরা সরকারের কাছে আশা রাখবো-সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করা হবে। নইলে আমরা মনে করবো সরকার একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ ইসলামপ্রিয় ও কোরআন প্রিয়। তারা কোরআনের চেতনায় বিশ্বাস করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, থানা আমির ও থানা সেক্রেটারিসহ স্থানীয় নেতারা।
ইফতার মাহফিলে প্রায় এক হাজার এতিম শিক্ষার্থী অংশ নেয়।
নিজস্ব প্রতিবেদক 























