নিজস্ব প্রতিবেদক :
ইরানসহ মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা ও সার্বিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান। এই সময়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। মধ্যপ্রাচ্যকেন্দ্রীক অনেক ফ্লাইট বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।
এদিকে, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কীভাবে করা হচ্ছে তাও প্রধানমন্ত্রী সর্বাক্ষণিক তদারিক করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমান বন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী এই কাজে সর্বাক্ষণিক নিয়োজিত রয়েছেন।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হঠাৎ করে শনিবার অনেকগুলো ফ্লাইট স্থগিত হয়ে যাওয়ায় বিপাকে পড়েছিলেন শত-শত যাত্রী। অনেকেই বাড়ি ফিরতে না পেরে শাহজালাল বিমানবন্দরে আটকা পড়েন।
সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে আসার পর প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য দুর্যোগ মোকাবিলা নিয়ে গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী দ্রুত একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন।
বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, প্রধানমন্ত্রী ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ঢাকা শহরে দ্রুত ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করার জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন।
দিনের কর্মসূচি অনুযায়ী, পরবর্তীকালে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। দেশের বর্তমান জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
নিজস্ব প্রতিবেদক 













