নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল আকস্মিক মিছিল বের করে। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আটকতরা হলেন- মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯) মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) আশিক মোহাম্মদ (২৪)। তাদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী।
বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল আকস্মিক মিছিল বের করে। পরে তারা আইডিবি ভবনের সামনে পৌঁছালে শেরেবাংলা নগর থানা পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
ওসি বলেন, মিছিলের চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে এবং পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। তাদের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 




















