নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। এটা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ হচ্ছে। সরকার নানা কাজ বাস্তবায়ন করছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
মো. সাহাবুদ্দিন বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক। হাজারো শহীদের রক্তের বিনিময়ে তাবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, এ আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন, পাঁচ শতাধিক মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। সরকার আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ১২৪৩টি স্বাস্থ্য কার্ড প্রদান করেছে এবং গুরুতর আহত ১৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে।
শহীদদের স্মৃতি রক্ষার্থে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ এবং ঢাকায় জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর স্থাপনের কাজ চলমান রয়েছে বলে ভাষণে উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ এ মহান সংসদের যাত্রা শুরু হয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুরক্ষায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি অনেকটা স্থিতিশীল হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে ৮.৫৮ শতাংশে দাঁড়িয়েছে, যা সামনের দিনগুলোতে আরও কমবে বলে আশা করা হচ্ছে।
২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ইউএস ডলারে উন্নীত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি তার ভাষণে ব্যাংক খাতের সুশাসন ফিরিয়ে আনা এবং পুঁজিবাজারের অনিয়ম তদন্তে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করেন।
মো. সাহাবুদ্দিন বলেন, ব্যাংক খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। পাশাপাশি পুঁজিবাজার সংস্কারে একটি পৃথক কমিশন গঠন করা হবে যারা ফ্যাসিবাদী শাসনামলে হওয়া সব অনিয়ম তদন্ত করবে।
রাষ্ট্রপতি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশন বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং এই নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন।
মো. সাহাবুদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম, নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও ব্যক্তির আন্তরিক উদ্যোগ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভবিষ্যতের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বর্তমান সংসদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সমমনা দলগুলো দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে। আমি এই সংসদে আপনার মাধ্যমে (স্পিকার) প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এই মহান জাতীয় সংসদে নির্বাচিত সকল সংসদ সদস্যকেও অভিনন্দন জানাচ্ছি।
রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল অবিসংবাদিত নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিবার সামনের কাতারে থেকে আপসহীন নেতৃত্ব দিয়েছেন।
রাষ্ট্রপতি আরো বলেন, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষে ২০২৫ সালের ৬ অক্টোবর সরকার জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শিশু শহীদদের ৬০টি পরিবারকে এককালীন ৫০ হাজার টাকার সমমূল্যের প্রাইজবন্ড এবং সম্মাননা স্মারক প্রদান করেছে। ওসমানী উদ্যানে “জুলাই স্মৃতিস্তম্ভ” নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে শহীদী মৃত্যুর নির্দিষ্ট স্থানে “স্ট্রিট মেমোরি স্ট্যাম্প” স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহীদদের কবর সংরক্ষণ করা হয়েছে। জুলাই শহীদদের স্মৃতি অম্লান রাখতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এবং ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। জাতীয়ভাবে ৩৬ দিনব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ বাস্তবায়িত হয়েছে।
তিনি বলেন, ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, ২০২৪ সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ এ যাবৎকালে দেশের ইতিহাসের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কার্যক্রম অব্যাহত রেখেছে। বর্তমানে বৈশ্বিক অর্থনীতি এক অস্থিতিশীল সময় অতিক্রম করছে। তবে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে অনেকটা স্থিতিশীল রয়েছে। রেমিট্যান্সসহ আরও কয়েকটি সূচক ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৯ শতাংশ। এ সময়ে মাথাপিছু জাতীয় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ ইউএস ডলার। ২০২৫-২৬ অর্থবছরে অর্থনৈতিক পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে সরকার আশা করে।
রাষ্ট্রপতি বলেন, একদিকে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি এবং অপরদিকে দেশে মুদ্রাস্ফীতি, রাজস্ব জিডিপির নিম্নহার, এ ধরনের বিদ্যমান পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ রয়েছে। পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ২০২৫ সালের জানুয়ারি মাসে ৯ দশমিক ৯৪ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসে ৮ দশমিক ৫৮ শতাংশে দাঁড়িয়েছে। আশা করা যায়, পরবর্তী মাসগুলোতে মূল্যস্ফীতি হ্রাসের ধারা অব্যাহত থাকবে। তৈরি পোশাক খাত থেকে গত এক বছরে ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ইউএস ডলার অর্জিত হয়েছে। বর্তমান সরকার আরও নতুন রপ্তানি খাত এবং রপ্তানি বাজার আরও সম্প্রসারিত করার লক্ষ্য নিয়ে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে।
মো. সাহাবুদ্দিন বলেন, পাট ও পাটপণ্য হতে গত এক বছরে ৪৭০ মিলিয়ন ইউএস ডলার রপ্তানি আয় হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি ৮ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৮ হাজার ৩০০ মিলিয়ন ইউএস ডলারে দাঁড়িয়েছে। এ সময়ে রেমিট্যান্সের অন্তঃপ্রবাহ ২৬ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ইউএস ডলারে। ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন ইউএস ডলার এবং টাকা-ডলার বিনিময় হার দাঁড়িয়েছে ডলার প্রতি ১২২ দশমিক ৩০ টাকায়। স্বয়ংক্রিয় বন্ড ব্যবস্থাপনা চালু করা হয়েছে। আমদানি-রপ্তানি সংক্রান্ত তথ্য সহজে প্রাপ্তির জন্য এক্সপোর্ট-ইমপোর্ট হাব চালু করা হয়েছে। ই-ভ্যাট বাস্তবায়ন করা হয়েছে। অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হয়েছে।
রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, সরকার বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি এবং পুঁজিবাজারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তদারকি কার্যক্রম উন্নতকরণ, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং খেলাপি ঋণ হ্রাসে গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার ব্যাংক খাতের সুশাসন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার যৌক্তিকীকরণ এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কার্যকর নীতি প্রণয়ন করবে। এ লক্ষ্যে “অর্থনৈতিক সংস্কার কমিশন” গঠন করা হবে। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠানসমূহের শৃঙ্খলা, তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়ন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করা হবে।
তিনি বলেন, ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলোর উচ্চ খেলাপি ঋণ (নন-পারফর্মিং লোন) সমস্যা পর্যালোচনা করে দায়ীদের আইনের আওতায় আনা এবং প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিমা খাতের উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি বলেন, পুঁজিবাজারের সংস্কারের জন্য একটি “পুঁজিবাজার সংস্কার কমিশন” গঠন করা হবে। পাশাপাশি, গত ১৫ বছরে পুঁজিবাজারে সংঘটিত অনিয়ম তদন্তে একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা হবে। শেয়ারবাজারে স্বচ্ছতা আনয়ন, কারসাজি বন্ধ, শক্তিশালী বন্ড ও ইক্যুইটি মার্কেট, করপোরেট বন্ড ও সুকুক গঠন করা হবে। প্রবাসীদের জন্য ইনভেস্টমেন্ট গেটওয়ে চালু, ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা হবে।
রাষ্ট্রপতি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের এডিপি প্রণয়নে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, বেকারত্ব হ্রাস, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, কৃষি ও শিল্পের উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বৈদেশিক অর্থায়নের পরিমাণ ৮৬ হাজার কোটি টাকা, যা মোট এডিপির ৩৭ দশমিক ৩৯ শতাংশ। ২০২৫ সালে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক ৭৫৩টি চলমান প্রকল্প পরিবীক্ষণ ও ১৭৮টি সমাপ্ত প্রকল্প মূল্যায়ন করা হয়েছে এবং ৩৫৩টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।’
রাষ্ট্রপতি আরো বলেন, ‘বর্তমান সরকার অর্থনীতির গণতন্ত্রায়ণে অলিগার্কিক কাঠামো ভেঙে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে। ঋণ-নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ-নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান সৃষ্টি ও সম্পদ তৈরিতে বিনিয়োগ-নির্ভর অর্থনীতি হবে চালিকাশক্তি। বর্তমান সরকার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকার দেশে রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় সাধন করবে এবং ব্যবসা সহায়ক পরিবেশ গড়ে তুলতে কস্ট অব ডুয়িং বিজনেস এবং ইজ অব ডুয়িং বিজনেস-এর উন্নয়নকে সর্বাধিক প্রাধান্য দেবে।’
মো. সাহাবুদ্দিন বলেন, ‘বাংলাদেশের কৃষি খাত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সরকার কৃষক ও কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কৃষক কার্ডের মাধ্যমে সার্বিক সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার ইতিমধ্যেই ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর ফলে ১১ লাখের বেশি কৃষক সরাসরি উপকৃত হয়েছে।’ তিনি বলেন, ‘আম, আলুসহ বিভিন্ন উৎপাদিত পণ্য সংরক্ষণে সরকার হিমাগার স্থাপন করছে। বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করা হচ্ছে। কৃষি বিমা, ফসলের ন্যায্যমূল্য ও কৃষিজমি সুরক্ষা, সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন করে ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলে গড়ে তোলা হচ্ছে কৃষিপণ্য রপ্তানি অঞ্চল। অঞ্চলভিত্তিক উৎপাদন ও গবেষণা, এগ্রোপ্রেনারশীপ স্টার্টআপ চালু করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশ চাল, সবজি, পাট, আলু ও আম উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশসমূহের মধ্যে রয়েছে।’
রাষ্ট্রপতি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইতিমধ্যে বাংলাদেশ মাছ, মাংস এবং ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিলুপ্তপ্রায় ৪১ প্রজাতির মাছের কৃত্রিম প্রজনন ও চাষাবাদ কৌশল উদ্ভাবনসহ লাইভজিন ব্যাংক স্থাপন করেছে। তিনি বলেন, বর্তমান সরকার কর্তৃক প্রাণিসম্পদ উন্নয়নে নিরাপদ ফিড উৎপাদন, ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপন, পোলট্রি, মাংস ও ডেইরি শিল্পের প্রবৃদ্ধি ধরে রাখতে নীতি সহায়তা ও সরকারি প্রণোদনা দেওয়া হবে। প্রতি উপজেলায় পর্যাপ্ত পশু-রোগ প্রতিষেধক ওষুধের জোগান নিশ্চিত করা এবং ভেটেরিনারি সার্জন নিয়োগ দেওয়া হবে। মৎস্য খাত উন্নয়নে জলমহাল, উপকূলীয় খাল ও হাওরের ইজারা প্রথা বিলুপ্ত করে ’জাল যার জলা তার’ এই নীতির ভিত্তিতে স্থানীয় মৎস্যজীবী ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করা হবে।
রাষ্ট্রপতি বলেন, বিতাড়িত ফ্যাসিবাদী শাসনামলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশের সার্বিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছে। বর্তমান সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক এবং দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সেবাবান্ধব পুলিশ গঠন, পুলিশের নৈতিক মনোবল পুনর্গঠন, অনলাইন অভিযোগ দায়ের ব্যবস্থা সম্প্রসারণ এবং পুলিশ কমিশন অধ্যাদেশ পুনঃনিরীক্ষণ করা হবে।
রাষ্ট্রপতি বলেন, ২০২৫ সালে ৭৯১ জনকে সাব-ইন্সপেক্টর পদে, ৮,০১১ জনকে কনস্টেবল পদে নিয়োগ করা হয়েছে। একই বছরে কনস্টেবল হতে এসআই পর্যন্ত বিভিন্ন পদে সর্বমোট ৩ হাজার ৫৬০ জন সদস্যকে পদোন্নতি দেওয়া হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং পুলিশের সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার পুলিশে আরও ৪ হাজার সাব-ইন্সপেক্টর এবং ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেবে। একই সঙ্গে পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্যপদে নিয়োগ চূড়ান্ত করবে। দেশে কারাগার ব্যবস্থাপনার অংশ হিসেবে পাঁচটি নতুন কারাগার চালু করা হয়েছে। প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, ‘১৬১৯১’ কল সেন্টার, ডিজিটাল বন্দি ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আইন-শৃঙ্খলার উন্নয়ন বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের প্রতিটি নাগরিক যাতে ঘরে-বাইরে শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা বোধ করেন এটি নিশ্চিত করার লক্ষ্যেই সরকার সকল কার্যক্রম বাস্তবায়ন করছে। সারাদেশে আইন-শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে বর্তমান সরকার অনলাইন জুয়াসহ সকল ধরনের জুয়া এবং মাদকের বিস্তারকে চিহ্নিত করেছে।
ফলে জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে বর্তমান সরকার সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, ধারালো অস্ত্র ও হাতবোমা উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতার অভিযান চলবে। এ ছাড়া চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সুপরিকল্পিত অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
‘২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নৌবাহিনীর কন্টিনজেন্টসমূহ এবং কোস্ট গার্ড ব্যাপক ভূমিকা রেখে চলছে’, বলেন রাষ্ট্রপতি।
নিজস্ব প্রতিবেদক 



















