বিনোদন ডেস্ক :
প্রয়োজন হলে সংসারের জন্য তিনি অভিনয়জীবন থেকে সরে দাঁড়াতেও প্রস্তুত বলে জানিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।
শোবিজে পূজার পথচলা শুরু হয় জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজের সঙ্গে তার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন ছিল। পরে সেই সম্পর্কে দূরত্ব তৈরি হলে জাজ মাল্টিমিডিয়া থেকেও বেরিয়ে যান তিনি। তবে প্রায় তিন বছর পর আবারও প্রতিষ্ঠানটিতে ফেরেন এই অভিনেত্রী।
এরপর ক্যারিয়ারের বিভিন্ন সময়ে পূজা চেরির নাম জড়িয়েছে বেশ কয়েকজন তারকার সঙ্গে। তাদের মধ্যে রয়েছেন শাকিব খান, অভিনেতা সিয়াম আহমেদ এবং আদর আজাদ। যদিও এসব সম্পর্কের গুঞ্জনের কোনোটিরই স্পষ্ট প্রমাণ মেলেনি। সম্প্রতি একটি পডকাস্ট -এ অংশ নিয়ে এসব বিষয় নিয়ে কথা বলেন পূজা। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে সংসারের জন্য তিনি অভিনয় ছাড়তেও দ্বিধাবোধ করবেন না।
পডকাস্টে তিনি বলেন, সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি চাই না আমার নামের সঙ্গে ডিভোর্স শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয়, সংসার আর অভিনয় একসঙ্গে চালিয়ে যাবো। আর যদি মনে হয় কোনোটা উনিশ-বিশ হচ্ছে, তবে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।
এই খোলামেলা আলাপচারিতায় পূজা বিভিন্ন গুঞ্জন ও বিতর্ক নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বিভিন্ন সময়ে তার নাম আব্দুল আজিজ, শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে জড়িয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে পডকাস্টে তিনি জানিয়েছিলেন, এ ধরনের বিষয় তার ব্যক্তিগত জীবনকে কখনোই প্রভাবিত করতে পারবে না। নতুন সম্পর্কের ইঙ্গিতও দিয়েছেন তিনি।
ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখলেও, পূজার কাছে জীবনসঙ্গী ও সংসারের গুরুত্ব সর্বোচ্চ। তিনি যোগ করেছেন, “সংসারের জন্য আমি নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারব।”
এই বিশেষ পডকাস্ট শনিবার (১৪ মার্চ) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ সম্প্রচারিত হবে।
এদিকে আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে পূজা চেরি অভিনীত সিনেমা ‘দম’। এ সিনেমা নিয়েও কথা বলেছেন তিনি। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শিরোনামে এ শোটি উপস্থাপনা করেছেন রুম্মান রশিদ খান।
বিনোদন ডেস্ক 
























