সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি বাসকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকাল ৬টায় উপজেলার মুকুন্দগাতী এলাকায় কুড়িগ্রামগামী বাসগুলোতে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানের সময় জানা যায়, ‘অপরূপা’ নামের বাসে জনপ্রতি ৭০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল। নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত ৩০০ টাকা করে যাত্রীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়া হয়। একই অভিযোগে বাসটির সুপারভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ‘পিংকী’ নামের বাসে জনপ্রতি ৫০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল। অতিরিক্ত ১০০ টাকা করে যাত্রীদের কাছ থেকে নেওয়া ভাড়া ফেরত দেওয়া হয় এবং সংশ্লিষ্ট সুপারভাইজারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত অভিযানের সময় বাসগুলোতে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেন।
সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন, ‘কুড়িগ্রামগামী বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছিল। তাই দুটি বাসে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে।’
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 



















