নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (৪০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে (২৫ এপ্রিল) কিশোরগঞ্জ উপজেলা পরিষদ-সংলগ্ন শিশুনিকেতন স্কুল ও কলেজের সামনে এই ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম নিতাই ইউনিয়নের খোলাহাটি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে রবিউল ইসলাম ভ্যান নিয়ে উপজেলা থেকে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বালুবোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
নীলফামারী জেলা প্রতিনিধি 
























