নিজস্ব প্রতিবেদক :
ঢাকা সিটিকে বিশ্বের এক নম্বর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো: আবদুস সালাম।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে নগর ভবন প্রাঙ্গণে রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের একার পক্ষে শহরকে পরিষ্কার রাখা সম্ভব নয়। এর জন্য নগরবাসীকে সচেতন হতে হবে। এ সময় শহরকে সবুজ করতে আগামী কয়েকদিনের মধ্যে গাছ রোপণ কর্মসূচি শুরু হবে।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে বলীয়ান হতে হবে বলে জানিয়ে মো. আবদুস সালাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে বলীয়ান হতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব।
তিনি বলেন, জনগণ সুযোগ দিলে আগামী দুই বছরের মধ্যে ঢাকার দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।
তিনি বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, তেমনি আজও প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম রাজপথে নেমেছেন।
একজন মুক্তিযোদ্ধা ও ডিএসসিসি প্রশাসক হিসেবে তিনি বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্মকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে দেশের দায়িত্ব নতুন প্রজন্মকেই নিতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও নগর গঠনে তাদের এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, ‘ঢাকা আমাদের প্রাণের শহর। এই শহরকে সবার কাছে গ্রহণযোগ্য ও বাসযোগ্য করতে হলে আগে নিজেদের বদলাতে হবে। আমরা বদলালে ঢাকাও বদলাবে। আমরা চাই না বিশ্বের সবচেয়ে খারাপ শহরের তালিকায় ঢাকা থাকুক; আমরা চাই পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজ শহরের তালিকায় ঢাকা এক নম্বরে থাকুক।’
পরিচ্ছন্নতা অভিযানটি নগর ভবন থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট অতিক্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
নিজস্ব প্রতিবেদক 
























